ঢাকাসহ ২০ জেলায় কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার (২ মে) ভোররাত থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ দুপুর ১টা পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঝড়-বৃষ্টির পরবর্তী সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, শনিবার সকাল ৬টায় রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে