মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে এক থেকে দুইটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এ মাসে কালবৈশাখী ঝড়েরও আভাস রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার (১ মার্চ) প্রকাশিত মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্বাভাস অনুযায়ী, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৩৬–৩৭.৯° সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে এবং ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হবে।
এছাড়া মার্চে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে