ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান নরওয়ের, ফিফা সভাপতির ওপর আস্থা নেই
নরওয়ে ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিসে ক্লাভেনেস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বিশ্ব ফুটবলে চলমান শাসনব্যবস্থার সংকটের মধ্যে ইনফান্তিনো আর ফিফাকে নেতৃত্ব দেওয়ার মতো প্রাতিষ্ঠানিক আস্থা ধরে রাখেননি বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) এনএফএফের মাসিক বোর্ড সভা শেষে সাংবাদিকদের ক্লাভেনেস বলেন, ইনফান্তিনোর নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে গেছে। বিশ্ব ফুটবলে আবার ঐক্য ফিরিয়ে আনতে হলে ফিফা সভাপতির পদত্যাগ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ক্লাভেনেস বলেন, বর্তমান সংকটের মধ্য দিয়ে ফিফাকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আস্থা ইনফান্তিনো আর ধরে রাখতে পারেননি। আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে সম্পর্ক গভীর সংকটে রয়েছে। ফুটবলকে আবার একত্রিত করতে হলে ফিফা সভাপতিকে পদত্যাগ করতে হবে।
আইনজীবী ও সাবেক ফুটবলার ক্লাভেনেস ২০২২ সাল থেকে নরওয়ে ফুটবল ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন। ফিফার শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে তিনি দীর্ঘদিন ধরেই সংস্থাটির সমালোচনা করে আসছেন। সম্প্রতি ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব নিয়ে একটি বিতর্কিত প্রস্তাবকে কেন্দ্র করে ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনা আরও জোরালো হয়েছে।
টুর্নামেন্ট ও সম্প্রচার স্বত্ব ব্যবস্থাপনায় ফিফার ভূমিকা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কিত ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়া এবং বিভিন্ন শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। এদিকে পরবর্তী ফিফা সভাপতি নির্বাচনে ক্লাভেনেস সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনা থাকলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। তার ভাষ্য, সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনার সময় এখনো আসেনি।
বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল বলে স্বীকার করেছে ফিফা। পর্যাপ্ত পরামর্শ না করার জন্য দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি। তবে ফিফার দাবি, ওই পরিকল্পনার ক্ষেত্রে কোনো সাংবিধানিক বা আইনি নিয়ম লঙ্ঘন করা হয়নি।
মতামত দিন