Views Bangladesh Logo

৪৫ সেকেন্ডের টিজারেই নোরা ফাতেহির ঝলক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক ভিডিওর প্রথম ঝলক প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী নোরা ফাতেহি। মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও চমকপ্রদ নৃত্য দর্শকদের দৃষ্টি কেড়েছে।

‘সির সির’ শিরোনামের এই গানের টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। মরক্কোর কাসাব্লাঙ্কায় চিত্রায়িত মিউজিক ভিডিওটিতে ফুটবল ও নৃত্যের এক ব্যতিক্রমী মেলবন্ধন তুলে ধরা হয়েছে। লাল-সাদা পোশাকে ফুটবল হাতে নোরার পারফরম্যান্স ইতোমধ্যেই ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।

ভিডিওটির কোরিওগ্রাফার রাজিত দেব জানিয়েছেন, শুটিংয়ের জন্য পুরো টিমের হাতে ছিল মাত্র ১৫ মিনিট সময়। সীমিত সময়ের মধ্যেও কাঙ্ক্ষিত দৃশ্য ধারণ করতে সক্ষম হওয়াকে তিনি পুরো টিমের বড় সাফল্য হিসেবে দেখছেন।

নোরা ফাতেহি জানিয়েছেন, এই প্রজেক্ট তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখলেও সে পথে এগোনো হয়নি। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওর অংশ হতে পারা তাঁর জন্য স্বপ্নপূরণের মতো।

গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নোরা বলেন, ‘সির সির’ বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। মরক্কো, কানাডা, ভারতসহ নানা দেশের সাংস্কৃতিক প্রভাব এতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ভারত ও দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে বলে উল্লেখ করেন তিনি।

নোরার ভাষায়, কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী, স্টাইলিং টিমসহ পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় গানটি প্রাণ পেয়েছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো বৈশ্বিক আয়োজনের অংশ হতে পেরে তিনি নিজেকে গর্বিত ও আবেগাপ্লুত বলেও জানান।

টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির পূর্ণাঙ্গ সংস্করণ দেখার আগ্রহ বাড়ছে। অনেকেই মনে করছেন, বিশ্বকাপের মঞ্চে নোরার এই উপস্থিতি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন এক মাইলফলক হয়ে থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ