Views Bangladesh Logo

বাংলাদেশে শুটিংয়ে মারামারির তিক্ত অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি

বলিউডের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর দিকের একটি তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সুন্দরবনে ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিং করতে গিয়ে এক সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে নোরা বলেন, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। শুটিং চলাকালে এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তিনি তাকে চড় মারেন।

নোরা জানান, এরপর ওই অভিনেতাও তাকে পাল্টা চড় মারেন এবং চুল টেনে ধরেন। জবাবে তিনিও তার চুল ধরে টান দেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানে কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, ওই সহ-অভিনেতার আচরণ ছিল অত্যন্ত খারাপ। তবে পুরো ঘটনার বর্ণনা দিলেও তিনি সংশ্লিষ্ট অভিনেতার নাম প্রকাশ করেননি।

উল্লেখ্য, কমল সদানা পরিচালিত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ২০১৪ সালের ৩১ অক্টোবর মুক্তি পায়। সিনেমাটিতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ