পুরুষদের প্রতি ক্ষোভের কারণ জানালেন নোরা ফাতেহি
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি নিজের ব্যক্তিগত জীবনের এক সংবেদনশীল দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শৈশবের পারিবারিক অভিজ্ঞতা থেকেই তার মধ্যে পুরুষদের প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল।
নোরা বলেন, ছোটবেলাতেই তার বাবা–মায়ের বিচ্ছেদ ঘটে এবং এরপর বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। এই অনুপস্থিতি তার মনে গভীর প্রভাব ফেলে।
তিনি স্বীকার করেন, ‘আমার ড্যাডি ইস্যু আছে, আর এটা পুরোপুরি আমার ব্যক্তিগত সমস্যা।’
তিনি আরও জানান, ‘অ্যাবানডনমেন্ট ইস্যু’ বা একা হয়ে যাওয়ার ভয় তাকে অনেক সময় ভুল সম্পর্কেও আটকে রেখেছিল। তার মতে, একাকীত্বের ভয় মানুষকে এমন সম্পর্কেও থাকতে বাধ্য করে, যা আসলে সুখকর নয়।
নোরা মনে করেন, সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হলে নিজের ভেতরের সমস্যাগুলো আগে চিহ্নিত করা জরুরি। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা ঠিক নয়—বরং নিজের ভয়কে জয় করাই গুরুত্বপূর্ণ।
তিনি জানান, রক্ষণশীল পারিবারিক পরিবেশ ও আধুনিক জীবনের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে একসময় মানসিক চাপে পড়েছিলেন। তবে কঠিন সময়ে তার মা-ই সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিলেন।
বর্তমানেও তিনি নিজের এই মানসিক জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। নোরার পরামর্শ—নিজেকে সময় দেওয়া, নিজের ভুল বোঝা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়ার উপায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে