Views Bangladesh Logo

মজা করতে গিয়ে বিপাকে নোরা, গুনতে হচ্ছে ৩ কোটি রুপির মাশুল

বিমানে উঠে কৌতুক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করায় আইনি ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। একটি বেসরকারি চার্টার্ড বিমানকে ‘খেলনা বিমান’ ও ‘লেগো প্লেন’ বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানির মামলা করেছে বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিউনস অ্যাভিয়েশন।

ঘটনাটি গত বছরের ডিসেম্বরের। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার জন্য ডিউনস অ্যাভিয়েশনের একটি বেসরকারি চার্টার্ড বিমান ভাড়া করেছিলেন নোরা। বিমানে ওঠার পর সেটিকে আকারে ছোট মনে হওয়ায় নিজের ফোনে ভিডিও ধারণ করেন তিনি।

ভিডিওতে নোরাকে বিমানটিকে ‘খেলনা বিমান’, ‘ছোট্ট একটা মডেল’ ও ‘লেগো প্লেন’ বলে মজা করতে দেখা যায়। পরে ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। নোরার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৪ কোটি ৫০ লাখের বেশি হওয়ায় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ডিউনস অ্যাভিয়েশনের অভিযোগ, নোরার মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিমানটি ঝুঁকিপূর্ণ বা যাত্রী পরিবহনের অনুপযুক্ত—এমন ধারণা তৈরি হয়। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। পাশাপাশি একাধিক ফ্লাইট বাতিল হতে শুরু করে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বিমান সংস্থাটির ভাষ্য, নোরার ব্যবহৃত বিমানটি ছিল সেসনা সাইটেশন সিজে২ মডেলের একটি মানসম্পন্ন উড়োজাহাজ। মুম্বাই-জয়পুর রুটে চলাচলের জন্য এটি উপযুক্ত এবং বিমানটির প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ও ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের ছাড়পত্রও ছিল।

প্রতিষ্ঠানটির দাবি, কোনো তথ্য যাচাই না করেই নোরা তাদের ব্যবসা ও সুনাম ক্ষতিগ্রস্ত করেছেন। এ কারণে গান্ধীনগর আদালতে তার বিরুদ্ধে দেওয়ানি মানহানির মামলা করা হয়েছে।

মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি নোরার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ারও আবেদন করা হয়েছে।

জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর. আগরওয়ালের আদালতে মামলাটির পরবর্তী শুনানি হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ