কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি সঞ্জয়
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডায়, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। এবারের জমকালো উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয়।
কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচে কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।
প্রতিবেদনে বলা হয়েছে, নোরা ফাতেহির নতুন ফিফা অফিসিয়াল গান ‘Sir Sir’ প্রকাশের পরপরই বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই গানটি ২ কোটিরও বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা আগের জনপ্রিয় বিশ্বকাপ গানগুলোর তুলনায় অনেক বেশি।
এই গানের সঙ্গে যুক্ত রয়েছেন ফরাসি গায়ক ভেজেড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান প্রযোজক সঞ্জয়, যার কারণে দক্ষিণ এশীয় প্রতিনিধিত্বও আলোচনায় এসেছে। উদ্বোধনী মঞ্চে নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করবেন ভেজেড্রিম ও সঞ্জয়।
নোরা ফাতেহি বলেন, এই প্রকল্প তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে তিনি মরক্কো ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দর্শকদের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পেরেছেন। তিনি আরও বলেন, সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমকে একসঙ্গে যুক্ত করাই তাদের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আলানিস মোরিসেট, আলেসিয়া কারা, অ্যালায়না, জেসি রেয়েস, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্সসহ বিশ্বখ্যাত শিল্পীরা।

মতামত দিন