নির্বাচনকে কেউ-ই বাধাগ্রস্ত করতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, 'আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখনো অনেকে বলার চেষ্টা করেন। তবে নির্বাচনের আগে এমন কিছু হবে না- এমন একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছি বলে বিশ্বাস করি। একটা সময় আসবে, যখন সত্যিকার অর্থেই দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবছে, সেভাবে দেশ পরিচালিত হবে।' রোববার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'গণতন্ত্র ও নির্বাচন: দক্ষিণ এশিয়ান প্রেক্ষাপট' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিভিন্ন রাষ্ট্রের কলোনি (উপনিবেশ) ছিল। এখানকার জিনের মধ্যেই বিদেশিদের হস্তক্ষেপ ঢুকে গেছে। যারা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারের কথা বলে, তারা ভারতের চেয়ে অনেক বেশি ধনী ও উন্নত হওয়া সত্ত্বেও তাদের নির্বাচনেও অনেক সমস্যা থাকে।
তিনি বলেন, 'তারা (বিদেশি কূটনীতিক) যা করেন, সেটা নিয়ে অনেক কথাই হয়েছে। এখন নির্বাচনেই মনোযোগ দিতে চাই। নির্বাচনকে কেউ-ই বাধাগ্রস্ত করতে পারবে না।'
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি দেশের নির্বাচন, গণতন্ত্র প্রভাব ফেলবে কীভাবে, তার ওপর দক্ষিণ এশিয়া গড়ে উঠছে। গণতন্ত্রের বিপক্ষে যারা, এই দেশগুলোর শত্রু যারা, তারা কিন্তু সক্রিয়। সেখানে বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
এ সেমিনারের সঞ্চালনায় ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এতে আরও বক্তব্য দেন এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ইন্ডিয়া প্রেসক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী, টাইমস নাউয়ের কনসাল্টিং এডিটর সঞ্জয় চৌধুরী প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে