আপনারা কেউ ক্ষমতায় নেই, সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে: ফরহাদ মজহার
সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা মূলত ‘রেজিম চেঞ্জ’, আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশের প্রকৃত ক্ষমতা এখনো জনগণ বা রাজনৈতিক শক্তির হাতে নয়।
ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে রেজিম চেঞ্জ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে তারাই এখন ক্ষমতায় রয়েছে। আপনারা কেউ ক্ষমতায় নেই। সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দৃশ্যমান ক্ষমতা ও প্রকৃত ক্ষমতার মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। রাজনৈতিক ও আদর্শিক শক্তিগুলোকে ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী।
সভায় আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মাওলানা মুসা আল হাফিজ এবং এনইউএ’র সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান।
ফরহাদ মজহারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, তার মন্তব্য দেশের বর্তমান ভূ-রাজনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে