গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি জানান, চলমান তদন্তে যারাই জড়িত থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ শুরু হয় যা এনসিপির সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের হামলার পর জারি করা হয়। এখনো কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ চলাকালীন ছোট যানবাহনের চলাচলের অনুমতি থাকলেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এ ছাড়াও ওই ঘটনার পর জেলাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
চলাচলের সুবিধার্থে রাস্তা পরিষ্কার করতে ভাঙা ইট, ছেঁড়া ব্যানার, ফেস্টুন ও ফেলে রাখা গাছসহ ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এদিকে গতকাল জেলা কারাগারে হামলার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ ছাড়াও শহরজুড়ে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
অতিরিক্ত কারা পরিদর্শক জানিয়েছেন, সাম্প্রতিক পরিদর্শনের পর তাৎক্ষণিকভাবে নতুন করে হামলার আশঙ্কা নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে