Views Bangladesh Logo

নকিয়া এক্সআর৫০ প্রো: বাস্তব ফোন, নাকি কল্পনার প্রযুক্তি?

 VB  Desk

ভিবি ডেস্ক

সম্প্রতি ইউটিউবে বেশ কিছু চ্যানেলে 'নকিয়া এক্সআর৫০ প্রো' নামে একটি ফোন নিয়ে ভিডিও প্রকাশিত হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন৫ চিপসেট, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি। তবে বিভিন্ন আন্তজার্তিক সংবাদ মাধ্যমের অনুসন্ধানে এই ফোনের কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

জিএসএমএরিনা, ফোনঅ্যারেনা কিংবা নকিয়া বা এইচএমডির নিজস্ব ওয়েবসাইট—কোথাও এই মডেলের কোনো অফিসিয়াল তথ্য নেই।

উল্টো লক্ষণীয় বিষয় হলো, বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেওয়া স্পেসিফিকেশন একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। কোনো ভিডিওতে বলা হচ্ছে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারির কথা, আবার কোনোটিতে দাবি করা হচ্ছে ২৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারির। এমনকি একটি ভিডিওর শিরোনামেই স্পষ্ট লেখা—এটি 'রিউমারড কনসেপ্ট স্মার্টফোন' অর্থাৎ নিছক ধারণাপ্রসূত একটি নকশা, বাস্তব পণ্য নয়।

নকিয়ার রাগড ফোনের এক্সআর সিরিজে বাস্তবে এখন পর্যন্ত সর্বশেষ মডেল হলো এক্সআর২১, যা ২০২৩ সালে বাজারে আসে। এতে ছিল স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪৮০০ এমএএইচ ব্যাটারি। এরপর নকিয়া বা এইচএমডির পক্ষ থেকে 'এক্সআর৫০' নামে কোনো নতুন সিরিজ বা মডেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেলগুলোতে অনেক সময় ভিউ বাড়ানোর উদ্দেশ্যে জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে কাল্পনিক বা এআই-জেনারেটেড কনসেপ্ট ফোনের ভিডিও তৈরি করা হয়। 'নকিয়া এক্সআর৫০ প্রো'ও সে ধরনের একটি উদাহরণ বলেই মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

নকিয়ার কোনো নতুন ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ