তরুণীকে আটকে হেনস্তার অভিযোগে নোবেল গ্রেপ্তার
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণীর করা মামলায় আদালত থেকে নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানাহাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে ডেকে এনে একদিন আটকে রাখেন। এ সময় জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার পর ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার অধিকতর তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়। তদন্ত শেষে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করা হলে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাদের আইনের আওতায় আনার নির্দেশ দেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে