মাসের পর মাস নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে নোবেল গ্রেপ্তার: পুলিশ
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুুদুর রহমান জানিয়েছেন, গায়ক মাইনুল আহসান নোবেল এক নারীকে একটি বাড়িতে সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন।
জাতীয় জরুরি নম্বর ‘৯৯৯’-এ একটি ফোন কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সোমবার রাতে ডেমরার একটি বাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে।
ওসি রহমান বলেন, নোবেল গত বছরের নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে গুলশানে ডেকে আনেন। এরপর তাকে ডেমরায় বন্দি করে রাখেন, যেখানে তিনি তাকে ধর্ষণ করেন এবং সেইসব ঘটনার ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করতেন। নোবেলের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে ওই নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে দেখা যায়। এই ঘটনার বিস্তারিত জানার পর ভুক্তভোগীর পিতামাতা ‘‘৯৯৯’-এ ফোন করেন।
ওসি মাহমুুদুর রহমান আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ২টার দিকে ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নোবেল সীমান্ত পেরিয়ে দেশত্যাগের পরিকল্পনা করছিলেন এবং এ জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে আটক করা হয়।
ওসি মাহমুুদুর রহমান বলেন, নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে