স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা নির্বাচন কমিশন দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সিইসি বলেন, আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল। স্থানীয় নির্বাচন করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সাংবিধানিক দায়িত্ব আছে, তেমনি পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে।
তিনি বলেন, কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। ওনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ না। পুলিশের উপর আমাদের আস্থা আছে। দলীয় সরকার ক্ষমতায় আছে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু, সুন্দর করার জন্য পুলিশের যত ব্যবস্থা নেওয়া দরকার, তার সবই নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী আমরা নেবো।
মতামত দিন