Views Bangladesh Logo

বদলিতে আমি বিশ্বাস করি না, অবহেলা-দুর্নীতি করলে চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোর সেবার মানও উন্নত করা হবে। এ বছরই স্বাস্থ্যখাতে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে সরকার নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছে।

তিনি আরও বলেন, এবারের বাজেট একটি আদর্শের বাজেট। এর প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের উন্নয়ন নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ