Views Bangladesh Logo

ছাত্রী নিখোঁজের ৩৫ দিনেও মেলেনি সন্ধান, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজের ৩৫ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ইকরামুল ইসলামসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছেন ছাত্রীর বাবা। পরিবার অভিযোগ করেছে, মামলা হলেও এখনো মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার শিতলী রোকেয়া খাতুন মাদ্রাসার শিক্ষক ইকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। গত ৫ জুন সকালে মেয়েটি বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বান্ধবীর বাড়িতে গিয়ে জানতে পারেন, সেখানে সে যায়নি।

পরিবারের দাবি, স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, উপজেলার মান্দিয়া গ্রামের একটি সড়ক থেকে শিক্ষক ইকরামুল ইসলাম কয়েকজন সহযোগীর সহায়তায় মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে মোটরসাইকেলে তুলে ঝিনাইদহ শহরের দিকে নিয়ে যান।

এ ঘটনায় ছাত্রীর বাবা উকিল উদ্দিন গত ৫ জুন হরিণাকুণ্ডু থানায় শিক্ষক ইকরামুল ইসলামসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন। তবে ঘটনার ৩৫ দিন পার হলেও মেয়েটির কোনো খোঁজ মেলেনি।

অভিযুক্ত শিক্ষক ইকরামুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শিতলী রোকেয়া খাতুন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

মাদ্রাসার পরিচালক মুফতি বুরহান উদ্দীন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলার তদন্ত কর্মকর্তা, হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জাহিদ বলেন, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে অভিযুক্ত শিক্ষকের যশোরের কেশবপুরের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় অবস্থান শনাক্ত করতে সমস্যা হচ্ছে। দ্রুতই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ