কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনার
কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে জাইকার অর্থায়নে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মব জাস্টিসের ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সাজ্জাত আলী বলেন, ‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় একদল লোক ঢুকে তাকে বের করে আনেন। এরপর জুতার মালা পরিয়ে নূরুল হুদাকে হেনস্তা করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে জুতা দিয়ে তাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এ ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে