Views Bangladesh Logo

সরকারি অনুদানের চলচ্চিত্রে ৮০ শতাংশ শুটিং না হলে মিলবে না তৃতীয় কিস্তির অর্থ

সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে নতুন শর্ত জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখন থেকে কোনো অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের অন্তত ৮০ শতাংশ শুটিং সম্পন্ন না হলে তৃতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে না।

বুধবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২৫ (সংশোধিত) অনুযায়ী ১১ সদস্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিও গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তির অর্থছাড়ের অনুমোদন দেবে এই কমিটি। আর তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে সংশ্লিষ্ট চলচ্চিত্রের অন্তত ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে কি না, তা যাচাই করবে তারা।

এ ছাড়া চলচ্চিত্র বাছাই ও তদারক কমিটির সুপারিশ করা গল্প, চিত্রনাট্য, প্রস্তাব ও আবেদন নীতিমালার আলোকে পর্যালোচনা করে অনুদান প্রদানের চূড়ান্ত অনুমোদন দেবে কমিটি। কোনো বছরে পর্যাপ্ত মানসম্পন্ন প্রস্তাব না এলে ওই বছরের অনুদান স্থগিত রাখার সুপারিশ অনুমোদন, প্রয়োজনে অনুদান বাতিলের সিদ্ধান্ত এবং অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী চলচ্চিত্র নির্মাণে প্রযোজক ও পরিচালকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ক্ষমতাও থাকবে তাদের।

১১ সদস্যের এই কমিটির সভাপতি হবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক বিশেষ সহকারী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, সরকার মনোনীত বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ জাফর ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী হুমায়রা ইসলাম মুক্তিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র)।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ