সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ের মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে। দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কোনো ছাড় দেয়া হবে না, কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রচার করায় বিদেশি মিডিয়াগুলোর অপপ্রচার কমে গেছে।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে