ঈদে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই, পুলিশ সম্পূর্ণ প্রস্তুত: আইজিপি
ঈদুল ফিতরকে ঘিরে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই, এবং ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, ঈদকে সামনে রেখে সারা দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু যানজট নিয়ন্ত্রণ নয়, ঘরমুখো যাত্রীদের যাতায়াত যাতে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
রাজধানীর সরু অলিগলিতে অবৈধ বাস কাউন্টার পরিচালনার ফলে যানজট বাড়ার বিষয়ে তিনি বলেন, ঢাকার ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার বন্ধে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব কাউন্টার সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
যানজট কমাতে বাস টার্মিনালগুলোকে নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন আইজিপি। এতে যাত্রীচাপ ও যানজট উভয়ই কমবে বলে তিনি মনে করেন।
জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আইন না জানা কোনো অজুহাত হতে পারে না।
তিনি আরও বলেন, “আইন জানা নাগরিকের দায়িত্ব, পাশাপাশি তা জানানো আমাদেরও দায়িত্ব।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে