Views Bangladesh Logo

ভোটের সময় নগদ টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

ভোটের সময় নগদ টাকা বহনে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের বৈধতা দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা বলেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন।”

তবে অর্থের ব্যবহার নিয়ে সতর্কবার্তাও দেন তিনি। ইসি সচিব আখতার আহমেদ বলেন, টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তবে সেটি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর অর্থটি যদি অবৈধ উপায়ে অর্জিত হয় বা কালো টাকা হয়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনার পরই নির্বাচনের সময় টাকা বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে আলোচনা শুরু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ