Views Bangladesh Logo

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদেশে গিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে বৈঠক বা ফোনালাপ করেছেন—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। তবে এ ধরনের তথ্য পাওয়া গেলে তা তদন্ত করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজ কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রাষ্ট্রপতি বিদেশে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। এ ধরনের তথ্য পাওয়া গেলে অবশ্যই তদন্ত করা হবে।

তিনি জানান, ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে আমন্ত্রণ এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে সরকার আশা করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভিসা-সংক্রান্ত জটিলতা কমাতে পাসপোর্ট ইস্যুর বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ বা বৈঠকের দাবির বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ