Views Bangladesh Logo

দেশে নারী ভোটারদের ভয় পাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি: আসিফ নজরুল

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আগত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে নারী ভোটারদের ভয় পাওয়ার কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়নি। বরং এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় আরও বেশি হতে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আপনি জোর করে অন্তর্ভুক্তি করাতে পারবেন না। অন্তর্ভুক্তি করার মতো কোনো মাইন্ডসেট আওয়ামী লীগের কারও মধ্যে নেই। তারা এখনও ফ্যাসিস্ট রেজিম কায়েমের ধারাবাহিকতা বজায় রাখতে চায় এবং গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কণ্ঠস্বর রাখে। তাই অন্তর্ভুক্তি তাদের পক্ষ থেকে সম্ভব নয়।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা সিনিয়র আওয়ামী লীগ নেতা ছিলেন, তাদের বিরুদ্ধে বিচার চলছে। তাদের মধ্যে প্রধান নেত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বিদেশে বসে তারা আমাদের সরকারের বিরুদ্ধে হত্যার নির্দেশ দিচ্ছেন, বাড়িঘর জ্বালানোর নির্দেশ দিচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের একজনও নেতা জুলাই গণঅভ্যুত্থানকালে তাদের দলের ভূমিকা নিয়ে অনুশোচনা বা নিন্দাসূচক বক্তব্য দেননি। তাই অন্তর্ভুক্তি শুরু করতে চাইলে অন্যপক্ষের মনোভাব বিবেচনা করতে হয়।

ড. আসিফ নজরুল কমনওয়েলথ প্রতিনিধি দলের কাছে আরও জানিয়েছেন, ‘ক্ষুদ্র ও বিচ্ছিন্ন ঘটনা থাকলেও তা নারী ভোটারের সংখ্যা কমাবে বলে মনে হয় না। বরং এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের তুলনায় আরও বেশি হবে। বিগত ফ্যাসিস্ট আমলে হিজাব-বোরকা পরা নারীরা মার্জিনাল শিকার হতেন, এখন তাদের মধ্যে ভোটে অংশগ্রহণের আগ্রহ আরও বেশি।’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের রাজনৈতিক জগতে নারীদের পাবলিক লাইফে অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন। আমি আশাবাদী যে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সচেতন থাকবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ