Views Bangladesh Logo

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে লক্ষ্য করে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে চলমান বা পুরোনো কোনো তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে কেন্দ্র করে পৃথক কোনো অনুসন্ধান চালানোর পরিকল্পনা নেই। তবে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানভিত্তিক তদন্ত চলমান রয়েছে। এসব তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়ম বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। রোববার তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের বাসভবনে ওঠেন।

এদিকে, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার এ বিষয়ে আমলে নেওয়ার মতো কোনো উপাদান দেখছে না।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অভিযোগ উত্থাপন করতে পারে, তবে সরকার এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো তথ্য পায়নি। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে বিশেষ সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি (ইমিউনিটি) ভোগ করেন। পদত্যাগের পরও আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুরক্ষা সুবিধা পাবেন।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে দায়িত্ব পালন শেষে প্রায় তিন বছর তিন মাস রাষ্ট্রপতির দায়িত্বে থাকার পর গত শুক্রবার পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ