Views Bangladesh Logo

৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ সদস্যকে পুনরায় চাকরিতে নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর ৬ হাজার ২৮৬ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তার ভাষ্য, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো নিরপরাধ সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। তাই তাদের পুনর্বহালের সুযোগ নেই।

হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হয়ে যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রেও পুনর্বহালের সুযোগ নেই বলে স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনার পর বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয় এবং বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হয়।

বিদ্রোহের বিচার বাহিনীর নিজস্ব আদালতে হলেও হত্যাকাণ্ডের বিচার হয়েছে প্রচলিত আদালতে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হওয়ার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেক সদস্য চাকরি হারান।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ক্ষতিপূরণসহ পুনর্বহালের দাবিতে আন্দোলন করেন। তাদের অভিযোগ ছিল, তারা ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারিয়েছেন। এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের দাবিও জোরালো হয়।

পরে গত বছরের ডিসেম্বরে সরকার এ ঘটনা তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফায় কারাবন্দি বিডিআর সদস্যদের জামিনে মুক্তি পাওয়ার ঘটনাও ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ