Views Bangladesh Logo

এখন আর সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র শর্তহীন সংলাপের আহ্বান সম্পর্কিত চিঠি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যান। এ সময় পিটার ডি হাস সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে ডোনাল্ড লু'র চিঠি তুলে দেন। ডোনাল্ড লু'র চিঠি পেয়ে এ প্রসঙ্গে পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা গণতন্ত্র চর্চা করে তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। আপনি সংলাপ করবেন কবে।’

তবে চিঠির বিষয়টি নিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘কারণ আমাকে যদি জবাব দিতে হয়, আমার পার্টির চিন্তা-ভাবনা, দৃষ্টিকোণ থেকে আমরা চিঠির জবাব দেবো।'

ওবায়দুল কাদের আরও বলেন, 'এই সময়ে কখন ডায়ালগ হবে, কখন নির্বাচনী প্রক্রিয়া চলবে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ডায়ালগের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা, আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল তা অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম, শর্তযুক্ত কোনো ডায়ালগের বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি না। তারা তাদের (বিএনপি) একদফা দাবি প্রত্যাহার করুক। তারপর আমরা চিন্তা-ভাবনা করে দেখব।'

এর আগে ডোনাল্ড লু'র চিঠি পাওয়ার কথা জানায় জাতীয় পার্টি ও বিএনপি। সোমবার বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক গণমাধ্যমকে জানান, তাঁদের কাছে চিঠিটি দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাষ্ট্রদূত তাঁকে জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছেও চিঠিটি দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে যুক্তরাষ্ট্রের এই আহ্বান দল মেনে নেবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ