Views Bangladesh Logo

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচনে বাধা সৃষ্টি বা কারচুপির কোনো সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোট কারচুপি কিংবা টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ইসি সানাউল্লাহ। ভোট প্রদান শেষে কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি জানান, সকাল থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি উৎসাহব্যঞ্জক। তিনি যে কেন্দ্র পরিদর্শন করেছেন, সেখানে প্রথম ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোটার ভোট দিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটদানে বাধা দেওয়ার কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসেনি। সারাদেশ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। শহরের ভোটাররা সাধারণত কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন— এটিকে তিনি একটি “অভ্যাস” বলে উল্লেখ করেন। তবে গ্রামীণ এলাকার অনেক কেন্দ্রে সকাল থেকেই উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে বলেও জানান তিনি।

ইসি সানাউল্লাহ আরও বলেন, কিছু কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি পুরুষদের তুলনায় বেশি। এটিকে উৎসাহজনক হিসেবে উল্লেখ করেন তিনি।

ভোটার তালিকায় নাম না থাকা বা কারিগরি ত্রুটি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাজারে একটি কারিগরি ত্রুটি থাকতে পারে।” এছাড়া স্থানান্তরজনিত (মাইগ্রেশন) সমস্যাগুলো যাচাই-বাছাই করে দেখা সম্ভব বলেও জানান তিনি।

ভোট কেনাবেচার অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, অসৎ উদ্দেশ্যে টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করে কেউ সফল হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।

বিভিন্ন স্থানে নগদ লেনদেনের অভিযোগে ব্যক্তিদের আটক হওয়ার ঘটনাকে ইতিবাচক লক্ষণ হিসেবে উল্লেখ করেন ইসি সানাউল্লাহ। তিনি জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনী সক্রিয় রয়েছে।

দিন শেষে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ