কোনো হত্যাকাণ্ডের দায়মুক্তির সুযোগ নেই: ভলকার তুর্ক
ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের ওপর জোর দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ক। বুধবার সন্ধ্যায় ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, হত্যাকাণ্ড যে-ই ঘটাক না কেন, তার তদন্ত হতে হবে। কোনো ধরনের ‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয়।
দুই দিনের বাংলাদেশ সফরের শেষ দিন ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।
ভলকার তুর্ক বলেন, জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় ঘটা জঘন্য অপরাধ বিষয়ে তদন্ত করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে স্বাধীন জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং মিশন।
তিনি বলেন, অভিযোগগুলো যেন সুনির্দিষ্ট হয় এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেই যেন শুধুমাত্র অভিযুক্ত করা হয়। তার মতে, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ থাকা ঠিক না। সুষ্ঠু তদন্ত না করে, মামলা দেয়া গ্রহণযোগ্য নয়। সব বিচার নিয়ম মেনে হতে হবে।
গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি না- এমন এক প্রশ্নে ভলকার তুর্ক বলেন, এ নিয়ে মামলাগুলোর যথাযথ তদন্ত হওয়া উচিৎ। পাঁচই আগস্টের পর, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তথ্যানুসন্ধান করবে বলে জানান এই হাইকমিশনার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে