Views Bangladesh Logo

হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনে কিছু করার নেই: ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো এক চিঠির জবাবে ইসি বলেছে, 'গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও)' অনুযায়ী এই বিষয়ে কমিশনের হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই।

শুক্রবার(১৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'আমরা দুদকের চিঠির জবাব দিয়েছি। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে, এই ধরনের অভিযোগে ব্যবস্থা নেয়ার জন্য আরপিওতে কোনো বিধান নেই।'

দুদকের পাঠানো চিঠিটি ২২ মে তারিখে লেখা হয়। সেখানে বলা হয়, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা তার সম্পদ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে হলফনামা জমা দিয়েছেন। দুদক ওই অভিযোগে আরপিও ১৯৭২ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করে।

দুদকের দাবি অনুযায়ী, শেখ হাসিনা ওই হলফনামায় ৬.৫০ একর কৃষিজমি উল্লেখ করেছিলেন, যার মূল্য দেখানো হয় ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে দুদকের তদন্তে উঠে আসে, শেখ হাসিনার প্রকৃত কৃষিজমির পরিমাণ ২৮.৪১১ একর এবং জমিগুলোর ক্রয়মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। দুদকের অভিযোগ, তিনি ২১.৯১ একর জমির তথ্য গোপন করেছেন এবং সম্পদের মূল্য ৩১ লাখ ৯১ হাজার ১০ টাকা কম দেখিয়েছেন— যা 'মিথ্যা তথ্য প্রদান' এর শামিল।

নির্বাচন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'যদি মিথ্যা তথ্য কোনো অযোগ্যতার ভিত্তি হয়, যেমন ঋণখেলাপি হওয়া তবে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। কিন্তু সম্পদ ঘোষণার গড়মিল হলে তা অযোগ্যতার আওতায় পড়ে না।'

তিনি আরও বলেন, বর্তমান আইনি কাঠামো ইসিকে এমন বিষয়ে পদক্ষেপ নেয়ার সুযোগ দেয় না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোই ব্যবস্থা নিতে পারে।

এদিকে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনাও চলছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এমনকি সুপারিশ করেছে যে, নির্বাচনের পর যদি হলফনামায় মিথ্যা তথ্য পাওয়া যায়, তাহলে ফলাফল বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রাখা যেতে পারে।

যদি ইসি এসব প্রস্তাবিত পরিবর্তনকে চূড়ান্ত করে, তবে সংশোধিত আরপিও আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে মন্ত্রিসভার অনুমতিক্রমে তা অধ্যাদেশ আকারে কার্যকর হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ