ঈদে পরিবহন ভাড়া বাড়বে না, ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম
সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলা হয়েছে ঈদে ভাড়া বাড়ানো যাবে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন । তিনি বলেন, “আমরা আশা করছি ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।”
মন্ত্রী আরও বলেন, যানজট বা সড়কে শৃঙ্খলা না থাকলে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ সব সংশ্লিষ্ট সংস্থা এবার তৎপর থাকবে।
শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে তিনি জানান, পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করা হবে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে