পর্যাপ্ত মজুদ আছে, জ্বালানি সংকটের আশঙ্কা নেই: মন্ত্রণালয়
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে মজুদ ও আমদানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগস্ট মাসেও জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হবে না।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েলের মজুদ রয়েছে। এছাড়া আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগস্টে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুখপাত্রের দাবি, দেশে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে।
প্রাকৃতিক গ্যাসের বিষয়ে তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এ ঘাটতি দীর্ঘদিনের হলেও নতুন সরকার গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, একটি এলএনজি ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। ফলে কয়েকটি সিএনজি স্টেশনে যানবাহনের চাপ বেড়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে ত্রুটি মেরামত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত দিন