বেনজীরের প্রত্যর্পণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি বাংলাদেশ। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৬ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া কূটনৈতিক মাধ্যমে সম্পন্ন করেছে সরকার।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে এবং বাংলাদেশের দূতাবাস সেগুলো ইউএই কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। তবে এখনো দেশটির সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীরের গ্রেপ্তারের তথ্য জানানোর পর ইউএই বাংলাদেশকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য ৩০ দিনের সময় দিয়েছিল। তবে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেছে।
বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকার খবর প্রত্যর্পণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি করবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এখনো ইউএইর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, যতটুকু জানা গেছে, বেনজীর এখনো ফেডারেল পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে এর বেশি তথ্য সরকারের কাছে নেই।
এর আগে ১৪ জুন দুবাইয়ে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। পরে জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করে সরকার।
এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে আটক তিন সন্দেহভাজনকে দেশে ফেরত আনতেও ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যমান চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, তাদের হস্তান্তর করা হবে যাতে তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া যায়।
মতামত দিন