Views Bangladesh Logo

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, প্রতিটি ব্যালট গণনা করা হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

গণভোটের কারণে ভোট গণনায় তিন থেকে পাঁচ দিন সময় লাগবে—এমন প্রচারণার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, 'ভোট গণনা শেষ করতে পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা ভোট গণনা শুক্রবার সকাল ১০টায় শেষ করব। আমাদের প্রতিটি ব্যালট গুনতে হবে, এই সময়টুকু দিতে হবে। সব আসনে ভোটার কিন্তু সমান নয়। তাছাড়া ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না।'

ব্রিফিংয়ে ইসি সচিব আরও বলেন, 'ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন প্রচার-প্রচারণা বন্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে।'

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো এবং মারাত্মক কোনো খবর আসেনি। তবে নির্বাচনি সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে 'দুঃখজনক ও নিন্দনীয়' বলে অভিহিত করেন তিনি।

রাজনৈতিক নেতাদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, 'মিছিল-মিটিংয়ে বক্তব্য ও পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখন পর্যন্ত এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে বলে আমরা মনে করি।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ