জ্বালানি সংকটের দ্রুত সমাধান নেই, সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
দেশের চলমান জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধানের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি জানান।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর সুযোগ নেই। বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) দিয়ে প্রতিদিন প্রায় ৯০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হচ্ছে। বিদ্যমান অবকাঠামোর কারণে এর বেশি আমদানি সম্ভব নয়। ফলে রাতারাতি জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে না।
তিনি জানান, সরকার আরও দুটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানাগুলো তাদের স্থাপিত উৎপাদন সক্ষমতার প্রায় ৩০ শতাংশ ব্যবহার করতে পারছে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা থাকলেও চলতি অর্থবছরে রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রয়েছে। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ৫ থেকে ৬টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
জাপানের সঙ্গে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপনের পর তা কার্যকর হবে বলেও জানান তিনি।
মতামত দিন