Views Bangladesh Logo

শিক্ষিকার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত কমিটি হচ্ছে না: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের ফেসবুকে প্রকাশিত রিল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে তিনি জানান, ভিডিওটিতে অপরাধের কোনো বিষয় পাওয়া যায়নি। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নজরেও এসেছে। সবকিছু বিবেচনা করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

এর আগে রোববার সিলেট বিভাগের শিক্ষাকর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছিলেন, তিনি নিজে ভিডিওটি দেখেননি। তবে অন্যদের কাছ থেকে জেনেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন এবং সেখানে অশ্লীলতার কোনো বিষয় নেই। গান গাওয়াকে তিনি অন্যায় মনে করেন না বলেও মন্তব্য করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারি আচরণবিধি বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত এ উদ্যোগ নেওয়া হচ্ছে না।

গত বৃহস্পতিবার প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও প্রকাশ করেন। এতে বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরে ‘আজ কেন মন উদাসী হয়ে, দূর অজানায় চায় হারাতে’ গানটির সঙ্গে হাঁটতে দেখা যায় তাকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। তবে পরে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষিকার পাশে দাঁড়ান এবং তার প্রতি সমর্থন জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ