Views Bangladesh Logo

এ বছর বিপিএল হওয়ার সম্ভাবনা নেই

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে পর্যাপ্ত সময় না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বিপিএল নিয়ে কথা বলেন তামিম। এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, চলতি বছর বিপিএল আয়োজনের জন্য বোর্ডের হাতে পর্যাপ্ত সময় আছে কি না।

জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি না। এ বছর বিপিএল হবে না।’

বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের অন্যতম বড় উৎস বিপিএল। চলতি বছর টুর্নামেন্ট না হলে খেলোয়াড়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন—এ বিষয়টিও স্বীকার করেছেন তামিম।

তিনি বলেন, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাঁদের আর্থিক ক্ষতি হবে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু তাঁরাও বোঝেন, এই টুর্নামেন্ট এমনভাবে হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে, তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না।’

বিপিএলের আয়োজন নিয়ে খেলোয়াড়দের সঙ্গেও তাঁর মতের মিল রয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি। তাঁর ভাষায়, খেলোয়াড়েরাও চান টুর্নামেন্টটি সুন্দরভাবে আয়োজন করা হোক। যুক্তি ভিন্ন হতে পারে, তবে মূল বিষয় হলো বিপিএলকে সঠিকভাবে পরিচালনা করা।

তামিম বলেন, বিপিএল একটি বড় মানের ক্রিকেট পণ্য এবং এটি নিয়ে দর্শক-সমর্থকদের ব্যাপক আগ্রহ রয়েছে। টুর্নামেন্টটি ঠিকভাবে আয়োজন করা গেলে সেই আগ্রহ আরও বাড়বে।

বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে জটিলতা, ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধে অনিয়ম এবং সম্প্রচার-সংক্রান্ত সমস্যাসহ নানা কারণে টুর্নামেন্টটি সমালোচিত হয়ে আসছে। তামিম জানিয়েছেন, গত দুই আসরের বিপিএল আয়োজন করে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু গুছিয়ে নেওয়ার আগে বিপিএল আয়োজন করতে চান না তামিম। প্রয়োজন হলে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ছয় থেকে ১২ মাস সময় নিতেও তিনি প্রস্তুত।

তামিম বলেন, ‘আমাদের বিপিএল করার ইচ্ছা এক হাজার শতাংশ আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি ঠিকঠাকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।’

সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হয়। এবার ওই সময়ে টুর্নামেন্ট না হলে বিকল্প কোনো প্রতিযোগিতা আয়োজন করা হবে কি না, জানতে চাইলে তামিম জানান, ঘরোয়া ক্রিকেটের নতুন সূচি নিয়ে বোর্ড কাজ করছে।

তিনি বলেন, ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হলে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার কীভাবে সাজানো হবে, তা ঘোষণা করা হবে। নতুন পরিকল্পনাটি বেশ আলাদা ও আকর্ষণীয় হবে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ