জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গঠনের কোনো সম্ভাবনা নেই। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা ইউএনবি-কে দেয়া এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবিদাওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।'
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, 'জামায়াতে ইসলামীকে নিয়ে নির্বাচনি জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি; কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী, যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে।'
এনসিপির সঙ্গে জোটের সম্ভাবনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, 'নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে। কী হয়, তা সময়ই বলে দেবে। সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কী কৌশল নেয় এবং কার সঙ্গে জোট করে, তার জন্য অপেক্ষা করতে হবে।'
জাতীয় ঐকমত্য কমিশন সংক্রান্ত আলোচনায় দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই আলোচনা শেষ হওয়া উচিত ছিল। ঐকমত্য কমিশনের বৈঠক পরিচালনায় কিছু ঘাটতি রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে সময়সাপেক্ষ করে তুলছে। আশা করি, এই আলোচনা আর বেশি দিন চলবে না। এখন একটা সারসংক্ষেপ ও সিদ্ধান্তে পৌঁছানো দরকার।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে