Views Bangladesh Logo

প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচার নিশ্চিতই সরকারের অগ্রাধিকার: সংসদের চিফ হুইপ

প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

সভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী নিজেও দীর্ঘদিন অন্যায়-অবিচারের শিকার হলেও তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, কেউ অপরাধ করলে অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। শাস্তির বিধানের উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা।

মো. নূরুল ইসলাম মনি আরও বলেন, অতীতে বহু মানুষ স্বজন হারিয়েও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে কাজ করছে।

আইন সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে উন্নয়ন সহযোগীদের গঠনমূলক মতামতকে সরকার স্বাগত জানায়। প্রয়োজনীয় আইন ও নীতিমালার সংস্কারের মাধ্যমে নাগরিকের অধিকার সুরক্ষা এবং জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ