দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যানার থাকবে না: রেল প্রতিমন্ত্রী
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যানার থাকবে না বলে জানিয়ে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হাবিবুর রশিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রমের দৃশ্যমান প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে