ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: শেখ রবিউল আলম
ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানিয়েছেন, জ্বালানি তেলের সম্ভাব্য সংকটকে অজুহাত করে ঈদযাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক ও নিরাপদ অবস্থায় রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসসহ অন্যান্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “জ্বালানি তেলের ঘাটতির কারণে ঈদযাত্রায় কোনো সমস্যা হবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও সুযোগ নেই।”
সড়ক পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী। মেট্রোরেলের সেবা ইতোমধ্যে নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মন্ত্রী আরও জানান, মেট্রোরেলের সঙ্গে মনোরেলসহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থাকে সমন্বয় করে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যায়ক্রমে তা কার্যকর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে