আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন বা সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নতুন করে লকডাউন জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা নিয়মিত কার্যক্রমেরই অংশ। পরিস্থিতি নিয়ে উদ্বেগেরও কারণ দেখছেন না তিনি।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজারের পর্যটন খাত ও জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান নতুন কোনো ব্যবস্থা নয়। পরিস্থিতি বিবেচনায় বাহিনীগুলো নিয়মিতভাবেই সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে।
২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা এবং সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরকারের এমন কোনো পরিকল্পনা নেই বলে জানান। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের কারণও নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা প্রান্তে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। একদল লোক সেতু এলাকায় ব্যারিকেড তৈরির চেষ্টা করেছিল বলেও শুনেছেন। প্রাথমিকভাবে দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে
ওই ঘটনায় দুজনের প্রাণহানির খবর পেয়েছেন বলেও জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। বর্তমানে এলাকাটির পরিস্থিতি শান্ত রয়েছে।
মতামত দিন