Views Bangladesh Logo

অপারেশন ক্লিনহার্টের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিনহার্ট পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ নেই।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতার গুঞ্জন, বিরোধী দলের চলমান আন্দোলন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ আছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই। সব বিষয়ে আমাদের দায়িত্ব আছে। তবে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নেই।’

খুলনায় পুলিশের মধ্যে আতঙ্ক এবং চট্টগ্রামে প্রভাবশালীদের চাপে আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পুলিশ আসামি গ্রেপ্তার করতে গেলে কেউ সহায়তা করলে তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরিয়া প্রজাতন্ত্রের সরকার ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় সাইবার পুলিশ অফিস ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে। এ সহযোগিতার জন্য তিনি কোরীয় সরকার, দেশটির রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি ও সফররত প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের শুরু থেকেই ছিল। গত ১ অক্টোবর একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলাচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে নানা অপরাধ ও প্রতারণা হচ্ছে, এমনকি শেয়ারবাজারেও কারসাজি করা হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়ায় মানুষের দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন। অপরাধের পরিবর্তিত ধরন মোকাবিলায় পুলিশকে আধুনিক পরীক্ষাগার, প্রযুক্তিগত সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সক্ষম করে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এ ছাড়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন ও কোইকার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জি-হুন কিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোছাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (প্রিজন) ছগির মিয়া এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ