প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ
দেশে চলমান হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাস চালুর বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসে যাওয়ার পথে হাঁটছে না। বরং সশরীরে পাঠদান চালিয়ে নেওয়ার পক্ষেই সরকার অবস্থান নিয়েছে। স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় কাজ করছে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে বেশ কিছু নতুন ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এসব উদ্যোগের মাঠপর্যায়ের প্রস্তুতি এবং বিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা যাচাই করতেই তিনি আকস্মিক পরিদর্শনে নেমেছেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ কর্মসূচি ও স্বাস্থ্যগত উন্নয়ন বিষয়ে তিনি বিস্তারিত জানতে চান।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে হামের সংক্রমণ বাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো ক্লাস বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্ত্রণালয় মনে করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব বেশি কার্যকর নয়। তাই সশরীরে পাঠদানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে