বিচারের নামে মক্কেলের টাকা আত্মসাৎ করা আইনজীবী চাই না: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবী সমাজে গ্রহণযোগ্য নয়।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইন পেশায় নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো আইনজীবী যদি বিচার প্রক্রিয়াকে ব্যবহার করে মক্কেলের টাকা আত্মসাৎ করেন, তা পেশার মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।
আইনমন্ত্রী আরও বলেন, অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে তা সুপ্রিম কোর্টের স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে। এ ধরনের বিষয় নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।
তিনি জানান, সংসদ সদস্যদের গবেষণামূলক কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি অ্যাটর্নি জেনারেল অফিসের সংস্কার ও বাজেট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বার কাউন্সিলের পরীক্ষা আরও যুগোপযোগী করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে