স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী
আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ এপ্রিল) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রার্থীকে দলীয় প্রতীকের পরিবর্তে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরের কাঠামোগত সংস্কার ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া চলছে। এসব আইন কার্যকর হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের মধ্যে কয়েকজনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলেও এসব প্রশাসকদের জবাবদিহিতার আওতায় রাখা হবে।
তিনি দাবি করেন, প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় তারা নিজেদের স্বার্থেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার কাঠামোর আওতায় সেবা প্রদান আরও জোরদার করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
এ সময় তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে