Views Bangladesh Logo

ফ্যামিলি কার্ড বিতরণে যুক্ত থাকবে না দলীয় নেতাকর্মী: সমাজকল্যাণ মন্ত্রী

বিনামূল্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং তথ্য সংগ্রহের কাজে কোনো দলীয় নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এটি একটি ইউনিভার্সাল কার্ড—কেউ এর বাইরে থাকবে না। প্রথম ধাপে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির মানুষ কার্ড পাবেন।

তিনি অভিযোগ করেন, একটি মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং কার্ড দেওয়ার নাম করে কোথাও কোথাও অর্থ দাবি করা হচ্ছে। ধর্ম, বর্ণ বা গোত্রভেদ না করে সবার কাছে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। কর্মসূচি বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কার্ডের বিনিময়ে কেউ অর্থ বা অন্য কোনো সুবিধা চাইলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে জানাতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন—কার্ড নিয়ে যেন কোনো অনিয়ম বা কেলেঙ্কারির সুযোগ না থাকে; অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কড়াইল বস্তি ও ময়মনসিংহসহ কয়েকটি স্থানে অনিয়মের তথ্য পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন দুপুরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কার্ড বিতরণ কার্যক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাসিক তদারকি করবেন বলেও জানান তিনি।

এছাড়া কেউ বিভ্রান্তিকর প্রচারণা চালালে বা টাকার বিনিময়ে কার্ড দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

ডা. জাহিদ বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কর্মসূচিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

মন্ত্রী আরও বলেন, এটি কোনো রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিবেচনায় পরিচালিত হবে না; বরং সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে।

এছাড়া ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে, তথ্য সংগ্রহের কাজে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ