Views Bangladesh Logo

অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমাতে দেশেই উন্নত চিকিৎসার সুযোগ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে না হয়। তিনি জানান, আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালও চালু করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে নিউরোসায়েন্সেস হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যার ভবন চালু হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছিল। রোগীর চাপ বাড়ায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ