Views Bangladesh Logo

নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না। অপরাধ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ বিভিন্ন প্রার্থী করছেন, তা মূলত রাজনৈতিক বক্তব্য। ভোটারদের আকৃষ্ট করতেই কেউ কেউ এ ধরনের অভিযোগ তুলছেন।

তিনি বলেন, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবেই আসবে। একেকজন একেকভাবে কথা বলবে, কিন্তু প্রশাসন তার দায়িত্ব থেকে একচুলও সরবে না।

নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে প্রায় ১ লাখ সেনাবাহিনী সদস্য, দেড় লাখ পুলিশ, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, ৫ হাজার নৌবাহিনী সদস্য, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর উপস্থিতি আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।

এবারের নির্বাচনে নতুন কিছু প্রযুক্তি ও ব্যবস্থাপনা যুক্ত করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনসিসিও (BNCC) সদস্যদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা নজরদারিতে রাখা হবে।

তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। প্রযুক্তির মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এর আগে ‘সুরক্ষা অ্যাপ’-এর সহায়তায় বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ