Views Bangladesh Logo

ক্ষমতায় থেকে কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থেকে কেউ দুর্নীতির সঙ্গে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সরকার ঢাকায় কিংবা বিদেশে—এমনকি কানাডাতেও গিয়ে বাড়ি বানানোর রাজনীতি করবে না।

মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউআই আলীম মাদ্রাসা মাঠে ৫৮৮ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণ যেন নিশ্চিন্ত থাকে—সরকার জনগণের জন্য কাজ করতে এসেছে এবং সেই কাজই করবে। যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তাহলে তাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। এ বিষয়ে জনগণকে আস্থা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আমাদের আর কোনো আলাদা ইস্যু নেই। আমরা ঢাকায় বাড়ি বানাব না, বিদেশেও বাড়ি বানাব না—কানাডায় গিয়েও না। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”

এলজিআরডি মন্ত্রী দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অতীতের ভুল বা ক্ষতির দিকে না তাকিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের শিশুদের শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছেন। আমরা তার জন্য দোয়া করি এবং কৃতজ্ঞতা জানাই। আশা করি, তিনি জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবেন।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ